চাঁদপুরে স্কুলছাত্র মিরাজ মিয়া হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা আদায়ের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মতলব উত্তর উপজেলার লামচরি গ্রামের সেলিম হোসেন, হাসেম বেপারী, আলী আশ্বাদ, মনোয়ারা বেগম, মতিন ও নান্নু মিয়া। রায় ঘোষণার সময় মামলার ৩ নম্বর আসামি আলী আশ্বাদ (৭৩) আদালতে হাজির থাকলেও বাকিরা পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০০ সালের ৭ জুন জেলার মতলব উপজেলার লামচরি গ্রামের ফজলুল হকের ছেলে মিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলুল হক ওই ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত ওই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড.সাইয়েদুল ইসলাম বাবু জানান, ১৬ বছরের ওই কিশোরকে গুরুতর জখম করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাপসাতালে আনলে সে মারা যায়।
তিনি আরও বলেন, ‘আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট।’
/এমডিপি/








