‘ইউএনএইচসিআর’ এর উদ্যোগে আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা বিষয়ে কক্সবাজার বিজিবি সেক্টরের সদস্যদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজার সেক্টরসহ অধীনস্থ ২, ৩১, ৩৪ এবং ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন থেকে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
রবিবার (২ অক্টোবর) কক্সবাজার সেক্টরে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী বিজিবি সদস্যদের সঙ্গে ‘সার্বজনীন মানব অধিকার সনদ’ ‘নারী ও শিশুদের প্রতি আচরণ সম্পর্কিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ’ এবং ‘আন্তর্জাতিক শরণার্থী বিষয়ে বিভিন্ন কনভেনশন’ সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণে শরণার্থী সম্পর্কিত বিভিন্ন আইন সম্পর্কে অবহিতকরণ এবং এর যথাযথ প্রয়োগ নিয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে একজন সুদক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা হয় যাতে পরবর্তীতে অধীনস্থদেরকে শরণার্থী আইন সম্পর্কে অবহিত করানো যায়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
/বিটি/








