ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। গ্রেফতারের একদিন পর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আহত পুলিশ সদস্যরা হলেন এস.আই আলীম, এএসআই আমজাদ, কনস্টেবল নজরুল, ফারুক নামে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মানিক মিয়া কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৯টি মামলা রয়েছে। সরাইল উপজেলার রসুলপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এই মানিক।
ওসি বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সরাইল উপজেলার অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি স্থানের তিতাস নদী থেকে দেশীয় অস্ত্রসহ মানিককে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার দেওয়া তথ্যমতে পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা মানিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় মানিক গুলিবিদ্ধ হয়, চার পুলিশ সদস্য আহত হন। মানিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও মুখোশসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার পরপর মানিকের সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
/এইচকে/








