ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটাপরে তিন শিশু নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, পারভেজ (১২), শুভ (১৩) ও মোনায়েম (১১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাদুঘর রেল ক্রসিং এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ওই তিন কিশোর ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ছবি তুলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা আখাউড়া থেকে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই পারভেজ ও শুভ মারা যায়। একই সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় মোনায়েম। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোনায়েমও মারা যায়।
ভাদুঘর এলাকার বাসিন্দা মো.মান্নান মিয়া ও রফিকুল ইসলাম বলেন, 'শনিবার সকালে বিজয়নগর উপজেলার নোয়াগাও গ্রামের কাউছার মিয়ার ছেলে শুভ তার খালার বাড়ি ভাদুঘরে বেড়াতে আসে। আজ এলাকার অন্য শিশুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরে মারা যায় শুভ।'
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো.বাবুল বলেন, পারভেজ ও শুভর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন উপ-পরিদর্শক মো. বাবুল।
/এমডিপি/








