মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কুমিল্লার বুড়িচংয়ের মোকাম গ্রামে দুই যুবককে ৩ দিন আটকে রেখে বৈদ্যুতিক শক ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তিনজনের মধ্যে মোক্তার হোসেন নামের একজন মঙ্গলবার বিকালে মারা যান। তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার বলে জানা গেছে।
আহত সালমান ও সবুজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মোকাম গ্রামের হাকিম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে হাকিম আলীর ছেলে সাইফুলসহ অন্যরা তাদের আটকের পর নির্যাতন করে বলে স্থানীয় সূত্র জানায়।
পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে কথা বলার জন্য হাকিম আলীর বাড়ির কাউকে পাওয়া যায়নি। ওই পরিবার প্রভাবশালী হওয়ায় প্রতিবেশীরাও কেউ মুখ খুলতে রাজি নন।
দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শরীফ জানান, সন্ধ্যায় তারা লাশ উদ্ধার করেছেন। তবে কীভাবে এ যুবক মারা গেছেন সেই বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।
/এসটি/








