ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করে হাইকোটের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আগামী রবিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।
২৪ নভেম্বর হাইকোর্ট ওই মামলায় মিনার চৌধুরীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সোমবার মামলার শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। মিনারের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন।
মাসুদ হাসান চৌধুরী বলেন, হাইকোটের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।
উল্লেখ্য , ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের সামনে উপজেলা চেয়ারম্যান একরামকে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২৭ মে মিনার চৌধুরীকে গ্রেফতার করা হয় এবং ২৮ আগস্ট মিনার চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
/এমডিপি/








