ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে তথ্য প্রযুক্তির মামলায় গ্রেফতার রসরাজ দাস (২৭) জামিন পাননি। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন ফের রসরাজের জামিন শুনানির দিন ধার্য করেন। আগামী ১৬ জানুয়ারি তার জামিন শুনানি হবে।
রসরাজ দাসের পক্ষের আইনজীবী মো. নাসির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসির মিয়া জানান, মঙ্গলবার জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালত তার বিষয়ে সবকিছু শোনেন এবং পরবর্তী শুনানির জন্য চলতি মাসের ১৬ তারিখ ধার্য করেন। ওইদিন আসামির উপস্থিতিতে জামিনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
এর আগে গত বছরের ৮ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রসরাজের জামিন শুনানি হয়। সেসময় রসরাজের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর ২ ডিসেম্বর তার জামিনের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে প্রথম শুনানি হয়।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গত বছরের ২৮ অক্টোবর রসরাজ দাসের আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরীফ নিয়ে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। এলাকাবাসী ওই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন ২৯ অক্টোবর ওই ঘটনায় নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩০ অক্টোবর রসরাজকে আদালতে পাঠায় পুলিশ। একই দিন এ ঘটনায় দুটি ইসলামি সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে নাসিরনগর উপজেলা সদরের আটটি হিন্দুপাড়ার বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
আরও পড়ুন:
নাসিরনগরে হামলা: দায় নিতে হচ্ছে রসরাজকে!
/বিটি/








