তুচ্ছ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে বিরামপুর এবং সিন্দুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে দুই গ্রামের মাঝামাঝি একটি জমিতে বার্ষিক ঔরস মাহফিল চলছিল। এ উপলক্ষে মাহফিলের আশপাশে মেলা জমেছিল। রাত ১২টার দিকে মেলা প্রাঙ্গনে কেনাকাটা নিয়ে বিরামপুর এবং সিন্দুরা গ্রামের দুই যুবকের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহাগ রানা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
/বিটি/








