কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার হ্নীলা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার হ্নীলা পাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ শাহজালাল (২৪) এবং একই এলাকার মৃত আলী আকবরের ছেলে মহি উদ্দিন (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, নিহত শাহজালালের পরিবারের সঙ্গে নিহত মহি উদ্দিনের পরিবারের মধ্যে বসত-ভিটার জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ইসলামপুরের হ্নীলা পাড়ায় খেলার মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয় বাজার থেকে তেলের জার নিয়ে ফেরার পথে শাহজালালের ওপর মহি উদ্দিন দলবলসহ হামলা চালায়।
খবর পেয়ে শাহজালালের স্বজনরা ঘটনাস্থলে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শাহজালাল ও মহি উদ্দিনকে গুরুতর আহত হয়। পরে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার পথে শাহজালাল এবং চিকিৎসাধীন অবস্থায় মহি উদ্দিনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, শাহজালাল উপর্যুপরি ছুরিকাঘাতে এবং লাঠিসোটার আঘাতে মহি উদ্দিন নিহত হয়েছেন। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/এআর/








