ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার (১ মার্চ) রাতে ডাকাতি করার সময় গ্রামবাসির গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার পর অজ্ঞাত ১৪/১৫ জন ডাকাতকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নবীনগর থানায় এই মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ভূক্তভোগী সেন্টু মেম্বার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করে জানান, দুই ডাকাত নিহত হওয়ার পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে অজ্ঞাত পরিচয়ধারী আরও ১৪/১৫ ডাকাতকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন সাতমোড়া গ্রামের সেন্টু মেম্বার।
ওসি জানান বুধবার রাতে ডাকাত সদস্যরা সেন্টু মেম্বারের বাড়িতেই ডাকাতির উদ্দেশে সশস্ত্র হামলা করেছিল। পরে গ্রামবাসী ডাকাতির খবর পাশের মসজিদে মাইকের মাধ্যমে জানতে পেরে ডাকাত সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতরা গ্রামবাসীর ওপর হামলা করে পালানোর সময় দুই ডাকাতকে সেন্টু মেম্বারের বাড়ির ভেতর থেকে ধরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত ডাকাতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের এনামূল হাসান (৪২) এবং শ্রীরামপুর গ্রামের ইয়াছিন মিয়া (৪০)। ঘটনার পর পুলিশ নিহত ডাকাত সদস্যদের লাশের সুরতহাল রির্পোট তৈরি করেন। পরে সকালে ময়না তদন্তের জন্য নিহত ডাকাত সদস্যের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মর্গে পাঠানো হয়।
/এফএস/
আরও পড়ুন-








