বিএনপি নির্বাচনে না আসলেও আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ‘নির্বাচনে কে এলো আর কে এলো না, সেটা নিয়ে ভাবার কিছু নেই। এই সরকারের পাঁচ বছর যেদিন শেষ হবে এর পরপরই যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শুক্রবার (১০ মার্চ) বিকালে তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ের বিপদগামী কিছু লোক অন্ধকারের পথ থেকে ফিরে এসেছে। তাদেরকে চাকরির ব্যবস্থা করেছে সরকার। পার্বত্য শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে চুক্তি বাস্তবায়ন করা হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু হয়ে র্যালিটি দোয়েল চত্বর আনন্দ বিহার তবলছড়ি হয়ে স্কুলে গিয়ে শেষ হয়। এসময় স্কুলের প্রাক্তন ছাত্রীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শনিবার (১১ মার্চ) সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার উপস্থিত থাকার কথা রয়েছে।
/এফএস/
আরও পড়ুন-








