শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনও বিদ্যালয়ে প্রাইভেট, কোচিং ও গাইড বই সরবরাহ করা যাবে না। শনিবার চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চ্যানেল আইয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষা বাজেট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য শুধু শিক্ষিত করে গড়ে তুললে হবে না, তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বই তুলে দিচ্ছেন। শিক্ষাবান্ধব সরকার ছেলেদের শিক্ষার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় তিনি হাইমচরে শিক্ষার মানোন্নয়নে প্রত্যেকটি বেসরকারি বিদ্যালয়ে ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের উপস্থাপক শাইখ সিরাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম , জেলা আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন প্রমুখ।
/জেবি/
আরও পড়তে পারেন: সিরাজগঞ্জে সরকারি চাল জব্দ, ডিলার পলাতক








