চাঁদপুরের কচুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১২নং আশ্রাফপুর ইউনিয়ন চেয়ারম্যান ও যুবদল নেতা মাসুদ এলাহী সুভাষকে (৫০) কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে তাকে জেলা আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাতে ওই ইউপি চেয়ারম্যানকে ঢাকার ফকিরাপুল থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস ও তার সহযোগীরা জগতপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১৯ এপ্রিল বাড়ি থেকে অপহরণ করে ঢাকা ও সিলেটের বিভিন্ন জায়গায় নিয়ে এক বছর আটকে রেখে গণধর্ষণ করে। গত ২৫ মার্চ মেয়েটি কৌশলে বাড়িতে পালিয়ে এসে ঘটনা জানায়।
এরপর গত ৪ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সুভাষকে প্রধান করে সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএসএম ইকবাল জানান, মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে কচুয়া থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় চেয়ারম্যান মাসুদ এলাহীকে ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলায় হান্নান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/বিএল/







