কক্সবাজারের টেকনাফে তিন লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ওই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা। আজ বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা থেকে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।
টেকনাফ বিজিবির ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের বিভিন্ন সম্ভাব্য এলাকায় তল্লাশি করে পলিথিনে মোড়ানো একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
/বিএল/








