কালবৈশাখী ঝড়ে ২৩০ কেভি ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার ধসে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনে বিপর্যয় তৈরি হয়েছে। ভৈরবের কালিপুর এলাকায় টাওয়ারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মঙ্গলবার ভোর রাত থেকে ভৈরব, কুলিয়ারচরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় পরে উত্তর-পশ্চিমাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
জাতীয় গ্রিড লাইনের টাওয়ার ধসে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকালে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ত্রুটি মেরামতের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন। তবে দুর্ঘটনা সর্ম্পকে কেউ কথা বলতে রাজি হননি।
স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি, ঘরবাড়ি,গাছপালাসহ ভৈরবে ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ভৈরবের শিবপুর এলাকার ব্যবসায়ী বাবুল মিয়া নিহত হয়েছেন। এদিকে বিদ্যুৎ না থাকার পুরো এলাকা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদ হোসেনের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার অন্য একটি সূত্র জানায়, ঝড়ে ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের একটি টাওয়ার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ কখন নিশ্চিত হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
/এফএস/
আরও পড়ুন-
নদীভিত্তিক পর্যটনে গতি আসবে অর্থনীতিতে








