চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তল্লাশিকালে বহিরাগত এক যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ছাত্রদের আবাসিক হলগুলোতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে দা, রামদা, কিরিচ, রড ও এসএস পাইপের খণ্ড রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাতে ছেলেদের ৬টি আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্র ও শাহ আমানত হল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তল্লাশিকালে বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের এক কর্মীকে মারধর করে। পরবর্তীতে বিকাল ৩টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়। এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ছাত্র হলগুলোতে তল্লাশি চালানো হয়। রাত ১০ থেকে ১টা পর্যন্ত পুলিশ তল্লাশি চালায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন জানান, ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ আবাসিক হলে তল্লাশি চালিয়েছে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি।
/বিএল/








