ছাত্রলীগ নেতাকর্মীদের নলেজ বেইসড মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সোমবার (১৫ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান।
জাকির হোসেন বলেন,‘জ্ঞানের বাংলাদেশ,সমৃদ্ধির বাংলাদেশের জন্য অবশ্যই নিজেকে একজন নলেজ বেইসড মানুষে পরিণত হতে হবে। আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন,‘ছাত্রলীগের নেতাকর্মীদের মিশন ও ভিশন থাকতে হবে। আমাদের সবার এখন স্বপ্ন দেখার বয়স। আমাদের স্বপ্ন দেখতে হবে, বাংলাদেশ ও দেশের মানুষের জন্য কী করা দরকার।
বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১৮টি ইউনিটের মধ্যে ১৪টি ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
সভাপতির বক্তব্যে সোহাগ বলেন, ‘আমরা কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে ছাত্রলীগকে সক্রিয় দেখতে চাই। বিভিন্ন ইউনিটে বিদ্যমান সমস্যাগুলো নিরসন করে সংগঠনকে শক্তিশালী করতে চাই। আমাদের প্রিয় নেত্রীর মিশন-ভিশন ও সরকারের উন্নয়নকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।’
তিনি বলেন,‘আমরা শিগগিরই ইউনিটগুলোতে কমিটি ঘোষণা করবো। আমরা চাই,বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে চট্টগ্রাম বিভাগ এগিয়ে থাক।’
সভায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর রহমান শরীফ, অমিত কুমার বসু, সানজিদা জিনিয়াসহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
/এআর/








