ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুজিবুর রহমান বাবুলের ছেলে স্বপ্নীল শরীফুর রহমান অপুকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। রবিবার (২ জুলাই) রাতে পাঠানো এক প্রতিবাদলিপিতে অপুর বাবা এই দাবি করেন।
এদিকে এ ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী নিজেও ছিনতাই ঘটনার সঙ্গে অপুর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে পুলিশ বলছে বিষয়টি সন্দেহজনক।
গত সোমবার (২৬ জুন) রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে অপু। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পৈরতলা গ্রামের মো. মাসুদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অপুকে আদালতের
মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ২৮ জুন তিনি জামিনে বেরিয়ে আসেন।
অপুর গ্রেফতার নিয়ে ‘বাংলা ট্রিবিউনে’ সংবাদ প্রকাশিত হয়। রবিবার (২ জুলাই) রাতে পাঠানো এক প্রতিবাদলিপিতে অপুর বাবা জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল উল্লেখ করেন, ‘অপু ‘ল’ তে অনার্স ও এলএলএম সম্পন্ন করেছে। সে শিক্ষানবিস আইনজীবী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে কাজ করছে। তার বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ নেই। ঘটনার দিন পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। এমনকি তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় অপুর চিৎকারে পুলিশ এগিয়ে এলে ঘটনা ভিন্নখাতে নিতে ছিনতাইয়ের নাটক সাজানো হয়।’
এদিকে বাদী মো. মাসুদুর রহমান এক আপোসনামায় উল্লেখ করেছেন, ‘অজ্ঞাত এক আসামি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে সন্দেহ করে আটক করে। যে কারণে তার জামিন পেতে কোনও আপত্তি নেই।’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘এলাকাবাসী অপুকে ছিনতাইকারী আখ্যায়িত করে পুলিশে দেয়। তবে পরবর্তীতে আমরা তদন্ত করে জানতে পেরেছি অপু ঘটনার সঙ্গে জড়িত নয়।’
/এআর/








