চট্টগ্রাম নগরীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে জাল নোট ব্যবসায়ী সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২ হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত চারজন হলেন, ‘নিরুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম (৫০), রাজীব ধর (৪০), সোহেল (৩৫) ও মো. ফোরকান (৩২)। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি চক্র নগরীর বিভিন্ন এলাকায় জাল নোট দেওয়ার কাজ করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাপ্তাই রাস্তার মাথা, মইজ্জারটেক ও ইস্পাহানী এলাকা থেকে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আসামিদের মধ্যে মনিরুল ইসলাম এবং ফোরকান পেশাদার জাল নোট ব্যবসায়ী। মনিরুল ওই সিন্ডিকেটের প্রধান। রাজীব ধর এবং অন্যরা তাদের দুজনের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়।
/জেবি/
আরও পড়তে পারেন: রাজনগরে জ্বরে একই পরিবারের ২ শিশুর মৃত্যু, শতাধিক আক্রান্ত








