সাংবাদিক পেটানোর অভিযোগে মামলা হলেও মাটিরাঙা উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত আকবরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংবাদ প্রকাশের জের ধরে মারধরের অভিযোগে রবিবার (৯ জুলাই) রাতে স্থানীয় থানায় আকবরের বিরুদ্ধে মামলা করেন ভোরের কাগজের মাটিরাঙা উপজেলা প্রতিনিধি অন্তর মাহমুদ।
এজাহারে অন্তর মাহমুদ জানান, ‘কিছুদিন আগে একটি সংবাদ প্রকাশ করলে ক্ষুব্ধ হন শওকত আকবর। এর জের ধরে রবিবার দুপুরে তাকে নিজ অফিসের সামনে একা পেয়ে কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন আকবর।এতে তিনি হাতে,পিঠে,কোমরে ও কব্জিতে ব্যথা পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।’ বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক অন্তর।
এ বিষয়ে মাটিরাঙা থানার ওসি শাহদাত হোসেন টিটু বলেন, ‘আসামিকে গ্রেফতারে রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সাংবাদিককে মারধরের ঘটনায় শওকত আকবরকে মাটিরাঙা উপজেলা যুবলীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা।
/এএইচ/এএম








