ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সোনিয়া আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে তানভীর (২৪) আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে আত্মসমপর্ণ করেছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নবীর হোসেন জানান, কলেজ ছাত্রী সোনিয়াকে ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা মলাই মিয়া বাদী হয়ে বখাটে তানভীরের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সোনিয়াকে ছুরিকাঘাতের পর থেকেই পুলিশ তানভীরকে গ্রেফতারের চেষ্টা করছিল। পুলিশের উপর্যুপরি অভিযানের ফলে সে আদালতে আত্মসমর্পণ করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে ওসি জানান।
প্রসঙ্গত বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ জুলাই শনিবার বিকেলে শহরের কালী বাড়ি মোড়ে জেএন ডেন্টাল পয়েন্ট নামে এক দন্ত চিকিৎসালয়ে সোনিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বখাটে তানভীর। বর্তমানে সোনিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোনিয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি লেখাপড়ার পাশাপাশি জে এন জে ডেন্টাল পয়েন্টে চাকরি করতো।
/জেবি/
আরও পড়তে পারেন: এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের কাজ শুরু হবে: জেলা প্রশাসক






