চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় আবুল বাশার (৩৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ওই উপজেলার চরখাগরিয়া গণিপাড়া ব্রিজের পাশে বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত বাশার স্থানীয় সুলতান আহমদের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
আটক দুজন হলেন বেলাল হোসেন (২২) ও জাকির হোসেন (২০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার দিবাগত রাতের কোনও এক সময় বাশারকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। তবে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চন্দনাইশ থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’
চন্দনাইশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘আসামিরা হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল পুলিশের সামনে পড়লে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদেরকে সাতকানিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
/বিএল/








