চট্টগ্রামে একটি অজগর সাপ পিটিয়ে মেরে চামড়া ছাড়ানোর সময় দুজনকে হাতেনাতে আটক করার পর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী এ শাস্তি দেন।বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর নুপুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- মো. পারভেজ (২৫) ও মো. রাজিব (১৯)। তারা দুজন নুপুর মার্কেটের একটি বিপনী বিতানে কাজ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী বলেন, ‘নুপুর মার্কেটের পেছনে একটি অজগর সাপের চামড়া ছাড়ানো হচ্ছে এমন সংবাদ পেয়ে বিকালে ওইখানে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে রাজিব ও পারভেজ নামে দুজনকে হাতেনাতে ধরা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০০৪ এর ৫ ও ১১ ধারা অনুসারে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় তারা অজগর সাপটি দেখতে পায়। পরে সাপের চামড়া ও হাড়-গোড় ওষুধ তৈরি করা এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।’
/এআর/








