ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সরকার বিচলিত হয়ে পড়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার দুপুরে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ‘সরকারের অবস্থা এখন নড়বড়ে। তারা নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। এ রায় তারা মেনে নিতে পারছে না এবং জনগণের কাছেও যেতে পারছে না।’
সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারও ওপর ঈর্ষাম্বিত হয়ে বা আমাদের মুখের দিকে তাকিয়ে এ রায় দেননি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘এ রায়ে গত ৯ বছরে সরকারের শাসনের বিরুদ্ধে ১৬ কোটি মানুষের মনের বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে।’
মওদুদ আহমদ অভিযোগ করে বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি কবিরহাটে হওয়ার কথা ছিল। কিন্ত সেখানে পুলিশের বাধা ও শাসকদলের বোমাবাজি ও হয়রানির কারণে দলীয় নেতাকর্মীরা সংঘর্ষ ও সংকট থেকে বিরত থাকার জন্য কোম্পানিগঞ্জে আমার বাড়িতে চলে এসেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদি কায়দায় দেশ শাসন করছে।’
কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এতে কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
/এমও/








