মিয়ানমারের রোহিঙ্গা সংকটের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১০টায় ভাঙা ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে চাইলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ আবার ধাওয়া দিয়ে তাদের কলাবাগান এলাকায় ঢুকিয়ে দেয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবু তালেব বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে আমাকে ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজাসহ ১০-১২ জন নেতাকর্মীকে আহত করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশকে আওয়ামী লীগের নির্দেশিত পথ থেকে বের হয়ে এসে জনগণের কাতারে আসার অনুরোধ জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রশাসন থেকে অনুমতি না নেওয়ায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন করতে বাধা দিয়েছে।
আরও পড়ুন:








