মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গারা হলেন- মংডুর সোহাগপাড়ার শফিরনের ছেলে ইমাম ফরিদ (১৬), কুল্লং এলাকার আবদু জামানের ছেলে শওকত উল্লাহ (২৮), সোহাগপাড়ার নুরু হোসেনের ছেলে মো. তাহের (২১) ও নবী হোসেনের ছেলে আবদুল করিম (১৯)। তাদের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এএসআই আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজন পায়ে গুলিবিদ্ধ হন। অপর জন উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এর আগে সোমাবার রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত আরেক রোহিঙ্গা কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম মরিয়ম (১০)। সে আকিয়াবের সাংগানা পীরখালি এলাকার আবদু শফির মেয়ে।’








