অগ্রগতি নেই মজু চৌধুরীর হাট নৌ-বন্দরের নির্মাণকাজে

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর
০২ অক্টোবর ২০১৭, ০৭:১৬আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ০৭:২১

 

অগ্রগতি নেই মজু চৌধুরীর হাট নৌ-বন্দরের নির্মাণকাজে গত মার্চে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে নৌ-বন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছয় মাস পরও দৃশ্যমান কোনও অগ্রগতি নেই এই কাজে। ভূমি জরিপ ও অধিগ্রহণের জন্য সার্ভেয়ার নিয়োগ করা হলেও তারা এখনও কাজ শুরু করেনি। অভিযোগ উঠেছে, লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও চাঁদপুর বিআইডব্লিউটিএর যৌথ সার্ভে কমিটির সমন্বয়হীনতার কারণে প্রকল্পটির বাস্তবায়নে সংকট তৈরি হয়েছে।
লক্ষ্মীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে মজু চৌধুরীর হাটের অবস্থান। সংশ্লিষ্টরা জানান, সেখানে নৌ-বন্দর বাস্তবায়িত হলে বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের ২১ জেলার মানুষের মধ্যে যোগাযোগের নতুন সেতুবন্ধন তৈরি হবে। প্রসার ঘটবে লাখ লাখ মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ের। তাই দ্রুত বন্দর নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা।
জেলা প্রশাসক হোমায়রা বেগম জানান, প্রকল্পটি নৌ-মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে সব কাজ শুরু করা হবে। এদিকে বন্দর নির্মাণে জমি জরিপের জন্য সার্ভেয়ার নিয়োগের বিষয়ে জানতে চাইলে কোনও সার্ভেয়ার নিয়োগ করা হয়নি জানিয়ে জেলা প্রশাসক বিষয়টি এড়িয়ে যান।
অথচ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, নৌ-বন্দর নির্মাণে জমির জরিপ কাজের জন্য সার্ভেয়ারের চাহিদা চেয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় চাঁদপুর বিআইডব্লিউটিএ। এ জন্য সাবেক জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী থাকাকালে ৮ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৮ জন সার্ভেয়ার নিয়োগ করা হয়। তারা হলেন করিমল পাল, তানিয়া আক্তার, আফজাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. সেলিম, রফিকুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও সাইদুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে দু’জন সার্ভেয়ার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশনা না পাওয়ায় অধিগ্রহণের জন্য জমির জরিপের কাজ শুরু করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।
এদিকে সার্ভেয়ার নিয়োগের ৫ মাসেও জমি জরিপ না হওয়া এবং দু’পক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টির কারণ হিসেবে স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। অগ্রগতি নেই মজু চৌধুরীর হাট নৌ-বন্দরের নির্মাণকাজে
চাঁদপুর নৌ ও সংরক্ষণ পরিচালনা বিভাগ সূত্র জানিয়েছে, নৌ-বন্দর নির্মাণ কাজের জন্য এরিয়া নির্ধারণ করা হবে। স্থানীয় জেলা প্রশাসক ও চাঁদপুর বিআইডব্লিউটিএ’র যৌথ সার্ভে কমিটি এ জরিপের কাজ করবে। জরিপ শেষে বন্দর পোর্টের এরিয়ার জমিগুলো বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন বিভাগ। বন্দর ঘাটে নদীর ডান পাড় দিকে ১৫০-২৫০ মিটার ওপর এরিয়া হস্তান্তর করা হবে। গাড়ি পার্কিংসহ অন্যান্য কাজের জন্য ঘাটের যে এলাকায় বালু স্তূপ করা হয়েছে তা স্থানীয়দের কাছ থেকে অধিগ্রহণ করা হবে। সার্ভেয়াররা জরিপ করে এসব জমির পরিমাণ নির্ধারণ করবেন।
বন্দর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, নৌ-বন্দর নির্মাণের জন্য সরকারকে জমি দিতে তারা প্রস্তুত। কিন্তু একটি প্রতারক চক্র স্থানীয়দের কাছ থেকে কম দামে জমি নিয়ে কর্তৃপক্ষের কাছে উচ্চ দামে হস্তান্তর করার পাঁয়তারা চালাচ্ছে। এ জন্য জমির মালিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে না কোনও মতবিনিময়। তাদের দাবি, সরকারের কছে জমি হস্তান্তরের ক্ষেত্রে তাদের বসবাসের জমি ও স্থাপনার বর্তমান বাজার ধরে ন্যায্য মূল্য দিতে হবে। পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে সরকারিভাবে পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তারা।
মজুচৌধুরীরর হাট ফেরি ঘাটের দায়িত্বরত ম্যানেজার নুর হোসেন বলেন, ‘ভূমি অফিস থেকে শুনেছি সার্ভেয়ার নাকি নিয়োগ করা হয়েছে। কী কারণে কাজটি থমকে আছে আমার জানা নাই। নৌ-বন্দরটি নির্মাণ হলে কোটি মানুষের যাতায়াতে ভোগান্তি দূর হতো।’
চর রমনি মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল জানায়, মেঘনাপাড়ের এ জনপদের অধিকাংশ মানুষই কৃষিনির্ভর। ব্যবসা-বাণিজ্যে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এখানে নৌ বন্দর নির্মিত হলে ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। দ্রুত জমি জরিপ করে বন্দর নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ও পিপি জসিম উদ্দিন বলেন, ‘মজু চৌধুরীর হাটে নৌ-বন্দর নির্মাণ দীর্ঘদিনের দাবি। উদ্বোধনের মধ্যদিয়ে আমরা আশার আলো দেখছি। এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম ও আধুনিক নৌ-বন্দর নির্মাণের খবরে মানুষ খুশি। স্থানীয় লোকেরা যেন জমি অধিগ্রহণের ক্ষেত্রে তাদের ন্যায্য বাজার মূল্য পান বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘নৌ-বন্দর নির্মিত হলে মানুষের জীবনমানের ব্যাপক পরিবর্তন এবং বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে।’
কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ‘বিভিন্ন কারণে কমিটির সার্ভেয়ারদের সঙ্গে সমন্বয় করা যাচ্ছে না। শিগগিরই বন্দরের জন্য জমির জরিপ করা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মার্চ লক্ষ্মীপুরে এসে নৌ-বন্দর নির্মাণ প্রকল্পসহ বেশ কিছু কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এর আগে গত ১২ জানুয়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা রাষ্ট্রপ্রতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এস আর ও নং ০৯ আইন/২০১৭ টি পোর্টস অ্যাক্ট ১৯০৮-এ সেকশান নং ৭ এর (১) প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআইডব্লিউটিএ) মজুচৌধুরী হাট নদী বন্দর এর সংরক্ষক হিসেবে এতদ্বারা নিযুক্ত করা হয়।

/এনআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি