ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (০২ অক্টোবর) রাতে নতুন রেলওয়ে স্টেশনের বিপরীত দিকে নুপুর শপিং কমপ্লেক্স এর নীচতলায় পূরবী ফুডসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন- বাদশা মিয়া (১৯), মো. সুমন (২২), মো. কাশেম আলী (২৮), মো. সাব্বির হোসেন (২০), মো. সোহেল (২৮)।
এসআই মো. রাজিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'পূরবী ফুডস নামে একটি দোকানের সামনে ডাকাত দলের কয়েকজন সদস্য একত্রিত হয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২টি ছোরা, ১টি স্ক্রু, ১টি লোহা কাটার যন্ত্র, ১টি লোহার প্লেট বার, ১টি মোবাইল, ৩টি শপিং ব্যাগ, ২টি বিছানার চাদর ও ১টি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।'
তিনি আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কোতোয়ালি থানাধীন লালদীঘি জেলা পরিষদ মার্কেটে ডাকাতির উদ্দেশ্যে সেখানে তারা একত্রিত হয়েছিল। এর আগেই চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, ঢাকা মহানগর, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, বগুড়া জেলার বিভিন্ন এলাকার মার্কেট ও বাসা-বাড়িতে তারা ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।'
আরও পড়তে পারেন: গির্জার ফাদারকে অপহরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার







