ফেনীর পরশুরাম উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসতিয়াক মুজিব সাইদ (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দুপুরে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়াতে এ দুর্ঘটনা ঘটে।
পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসতিয়াক মুজিবকে বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইসতিয়াক মুজিব সাইদ পরশুরাম মডেল হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক মজুমদারের বড় ছেলে।








