চাঁদপুরে একটি বহুতল ভবনের নৈশ প্রহরীকে জবাই করে হত্যার পর চারটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে শহরের ট্রাক রোড এলাকার ‘সেবা আয়শা গার্ডেন’ নামে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্লাহ।
নিহত নৈশ প্রহরীর নাম দেলোয়ার হোসেন। তিনি মতলব দক্ষিণ পৌরসভার মুন্সিরহাঁট এলাকার নুরু প্রধানিয়ার ছেলে।তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ভবনের অষ্টম তলার ফ্লাটের মালিক সাইফুল ইসলাম জানান, তিনি প্রতি দিনের মতো সোমবার খুব ভোরে হাঁটতে বের হন। এসময় দারোয়ান দেলওয়ার হোসনের রুম খোলা দেখে এগিয়ে গিয়ে তার গলাকাটা লাশ দেখেন। পরে বিষয়টি তিনি ভবনের দায়িত্বরত কর্মকর্তাকে জানান।
সেবা হোল্ডিং কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান নান্টু বলেন, ‘সোমবার সকালে ভবনের একজন বাসিন্দা বাসা থেকে বের হতে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে তিনি নৈশ প্রহরীর রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন।
খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, সিনিয়র এএসপি সদর সার্কেল মো. আফজাল হোসেনসহ মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ থানায় নিয়ে গেছে।
চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, নৈশ প্রহরীকে জবাই করে দুর্বৃত্তরা চারটি মোটরসাইকেল নিয়ে গেছে। এছাড়াও লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। বিভিন্ন তথ্য-আলামত সংগ্রহ করছি। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়তে পারেন: নাফে নৌকাডুবি: ১২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার








