লক্ষ্মীপুরের রায়পুরে মো. রাকিব (২২) নামে এক বখাটের বিরুদ্ধে শিশুকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে পিয়াস (৪) নামে ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলার বামানি গ্রামে এ ঘটনা ঘটে। পিয়াস ওই গ্রামের মো. সোহেলের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় বামনি গ্রামের রাকিব ও নাঈম নামে দুজন লুডু খেলছিল। এ সময় রাকিবের মোবাইল খোয়া যায়। রাকিব তখন নাঈমকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মো. সোহেল বাধা দেন। এতে রাকিব ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর সোহেলের ছেলে পিয়াসকে চকলেটের লোভ দেখিয়ে বস্তায় ভরে নিয়ে গিয়ে নির্যাতন করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে রাকিব পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. নাছির জানান, শিশুটির চোখে মুখে মারাত্মক জখম হয়েছে।
আরও পড়ুন:
ফেনীতে বাসে আগুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ছাত্রদল নেতা মিলন








