কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ফেরদৌস আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (৪ নভেম্বর) উপজেলার বিপুলাসার ইউনিয়নের বাকরা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিয়ে বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রী ফেরদৌস আক্তারকে খোরশেদ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের চাচা মো.ওমর ফারুক জানান, প্রায় আট বছর আগে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বাকরা গ্রামের খোরশেদ আলমের সঙ্গে নাঙ্গলকোট উপজেলার চাটিতলা গ্রামের বেলাল হোসেনের মেয়ে ফেরদৌস আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পরই খোরশেদ ওই গ্রামের এক নারীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে ফেরদৌস আক্তারের সঙ্গে খোরশেদের পারিবারিক কলহ চলছিল।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাধা দেওয়ায় খোরশেদ প্রায়ই স্ত্রীকে মারধর করতো। খোরশেদ মাদকসেবীও ছিল। শনিবার দুপুরেও এসব বিষয় নিয়ে ফেরদৌসকে কয়েক দফা মারধোর করে খোরশেদ। তার পেটে লাথিও মারে। এতেই তার মৃত্যু হয়েছে।’
এসআই বেলাল হোসেন জানান,আমরা নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








