সরকারের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান বলেছেন, ‘প্রযুক্তির উন্নয়নের কারণেই বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। হাতে হাত রেখে সরকারের এই অগ্রযাত্রাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিনদিনব্যাপী আইটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস ও সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনাল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচতলায় আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘এখন পেছনে যাওয়ার কোনও সুযোগ নেই। প্রযুক্তির উন্নতির কারণে এখন ঘরে বসে ই-কমার্সের মাধ্যমে সারাবিশ্বের সঙ্গে ব্যবসা করা যাচ্ছে। বাইরে গিয়ে যানজটের কবলে পড়তে হয় না, ঘরে বসেই অফিস করা যাচ্ছে।’
চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ, জাপানের অনারারি কনসাল নুরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এম এ মোতালেব। এর আগে স্বাগত বক্তব্য দেন সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালসের সভাপতি আব্দুল্লাহ ফরিদ।
সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ‘তথ্য-প্রযুক্তি এখন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। এটিকে বাদ দিয়ে এখন আর কেউ সফল হতে পারবেন না। তথ্য-প্রযুক্তিকে এড়িয়ে চলার কোনও সুযোগ নেই। প্রযুক্তির সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে।’
পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মেলায় ভারতের দিল্লির একটি খ্যাতনামা প্রতিষ্ঠানসহ দেশের স্বনামধন্য ২৬টি প্রতিষ্ঠানের ৫১টি স্টল থাকছে। শিশুদের জন্য মেলায় রাখা হয়েছে একটি বিশেষ সাইবার জোন।







