কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিক্রির অভিযোগে ফাতিমা জিন্নাহ মনোয়ারা (২৯) নামে এক রোহিঙ্গা নারীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের ভেতরে এইচ- ১১নং ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্পের ইনচার্জ কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, উক্ত ক্যাম্পের এইচ-১১ ব্লকের ফাতিমা নামে রোহিঙ্গা নারী মাদক বিক্রি করছে এমন খবরে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই নারীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সংরক্ষিত একটি পলিথিনের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
পরবর্তীতে আটককৃত উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিকের সামনে মাদক বহন ও বিক্রির অপরাধটি উদঘাটিত হওয়ায় ও অভিযুক্ত দোষ স্বীকার করে নেওয়ায় আসামি ফাতিমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আরও বলেন, রোহিঙ্গাদের মধ্যে অনেকেই মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত । আমরা চেষ্টা করছি এই ব্যবসায় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। অভিযানে ক্যাম্পের পুলিশ সদস্যসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অংশ নেন।’








