নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (২৫ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান এ তথ্য জানান।
গ্রেফতার নেতারা হলেন- কবিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান শামীম ও পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন।
ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, শুক্রবার রাতে কবিরহাট বাজারের আলাউদ্দিন সুপার মার্কেটের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামীলীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। পরে কবিরহাট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।








