ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে মোবাইল ফোনের ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মো. সাঈদ মিয়াকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্য দিকে আজ ভোররাতে মামলার এজাহারভুক্ত আসামি জাহের মিয়াকে নবীনগর উপজেলার জিনদপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন রাতে সিএনজিচালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়। পরে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে স্বপ্না আক্তার হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেইন জানান, স্বপ্না আক্তার হত্যা মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকাজে অনেকটাই অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, অচিরেই আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার হত্যা মামলার মূল আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জিনোদপুর ইউনিয়নের দশমৌজা বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে নিজ বাড়ি চারপাড়া ফেরার পথে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তারকে বহন করা অটোরিকশাটি দাঁড় করিয়ে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে। এ ঘটনার পর নিহত স্বপ্নার ভাই আমীর হোসেন অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে থানায় মামলা করেন।








