স্বর্ণ চোরাচালান মামলায় মো. হোসাইন নামে এক ব্যক্তিকে ছয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিত আসামি কারা হাজতে রয়েছেন বলে তিনি জানান।
আসামি হোসাইন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আলী নোয়াবের ছেলে।
ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ৩৭ পিস স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১২ এপ্রিল দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে আসামি হোসাইন চট্টগ্রাম আসেন। শাহ আমানত বিমানবন্দরে তার দেহ তল্লাশি করে ৩৭টি স্বর্ণের বার পায় কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজ্জাকুন হায়দার চৌধুরী বাদী হয়ে ওই দিন মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১১জুন ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একই বছরের ১১ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।








