চট্টগ্রামের হাটহাজারী এলাকায় সিএনজি অটোরিকশা উল্টে মাহমুদ সওদাগর (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরিহাটের বটতল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাহমুদ মেখল ইউনিয়নের ইছাপুর সৈয়দ বাড়ির মৃত নুরুল হকের ছেলে। তিনি ইছাপুর বাজারে মাছ বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাহমুদ ফটিকছড়ির থেকে মাছ নিয়ে হাটহাজারীর ইছাপুর বাজারে যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন থেকে আসা অপর একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’








