নোয়াখালী জেলা শহরের মাইজদি ইসলামিয়া সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদসহ ১৪টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির জানান, বুধবার রাত সোয়া নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় একটি টিনসেড মসজিদসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।








