কুমিল্লার চার উপজেলার ১৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং তিনটি উপজেলার ৪টি ইউনিয়নের ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ইউনিয়নের টামটা ঈদগা মাদ্রাসা ও টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন।
হামলায় দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, বিজয় টিভির আলাউদ্দিন আজাদ ও ক্যামেরাপার্সন জাহাঙ্গির আলম আহত হয়। এসময় গাড়ি ও ক্যামেরা ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাংবাদিকরা স্থানীভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক নাজমুল আহসান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমাদের চেস্টা অব্যাহত রয়েছে। তবে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে রাস্তার পাশ থেকে চাপাতি, চায়নিজ কুড়াল, রাম দা, ছুরি, হকিস্টিক ও বেজবলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: থানায় আটকে রেখে নারী নির্যাতন: ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ








