লক্ষ্মীপুরের রামগতিতে র্যাবের ওপর হামলার ঘটনায় মামলা করেছে র্যাব। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে র্যাব-১১ এর ডিএডি মনির হোসেন চৌধুরী বাদী হয়ে রামগতি থানায় এ মামলা করেন। এতে রামগতির চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শেখ ফরিদ ওরফে ফরিদ কমান্ডারসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।
র্যাব সূত্র ও থানা পুলিশ জানায়, র্যাবের একটি টিম তথ্য সংগ্রহ করতে বৃহস্পতিবার মোটরসাইকেল যোগে চরগাজী ইউনিয়নে যায়। এসময় সন্ত্রাসী শেখ ফরিদ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে র্যাবের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, কনস্টেবল শাখাওয়াত, সৈনিক শাহীন ও ইসহাক আহত হন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় তাদের (র্যাব) ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ছুটে যান র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা ও জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ-র্যাব আশপাশ এলাকায় অভিযান চালায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।
আরও পড়তে পারেন: রামগতিতে চার র্যাব সদস্যের ওপর হামলা








