কক্সবাজারের টেকনাফের বিভিন্ন জলসীমানা পয়েন্ট দিয়ে নতুন করে আরও ১০৭জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সময়ে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা অনুপ্রবেশ করে। রোহিঙ্গাদের বরাত দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেশ কিছু দিন ধরে মিয়ানমারের রাখাইনের রাচিদং থানার সাংগুদাইন গ্রামে আবারও ধরপাকড় শুরু হয়েছে। এতে এসব রোহিঙ্গা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে মিয়ানমারের রাখাইনের ডংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
ওসি মো. মাঈন উদ্দিন জানান, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের স্থানীয় দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা টেকনাফের হারিয়াখালী অস্থায়ী সেনা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। পরে সেখান থেকে তাদেরকে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাঠানো হয়েছে।








