ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আটক করা হয়েছে চারজন। শনিবার (৩ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে সকালে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রামের বশির মিয়া ওরফে বসু এবং মুসলিম সর্দারের পক্ষের লোকজনের মধ্য বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আজ ভোররাতে দুই পক্ষের লোকজন টেঁটা এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে টেঁটার আঘাতে মুসলিম সর্দারের পক্ষে দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। সংর্ঘষে আহত পাঁচ জনের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের নবীনগরসহ স্থানীয় ক্লিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।








