কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে ৪৭ হাজার ইয়াবা এবং সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। সোমবার (৫ মার্চ) ভোর রাতে পাচারের সময় কুতুপালং বাজার থেকে ইয়াবা ও গাঁজাসহ ওই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম (২৪) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ হাজার ইয়াবা এবং সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হবে।








