খালেদা জিয়াকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যে পথে হাঁটছে সেটা একদলীয় পথ, স্বৈরতন্ত্রের পথ, ফ্যাসিস্টের পথ, নিপীড়ন নির্যাতনের পথ।’
মঙ্গলবার নগরীর কাজির দেউরিতে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।
আমির খসরু বলেন, ‘অনির্বাচিত প্রধানমন্ত্রী সারাদেশ ঘুরে জনসভা করছেন। নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। জনসভা করে প্রধানমন্ত্রীর নৌকায় ভোট চাওয়া সংবিধান পরিপন্থী। এক বছর আগে ভোট খোঁজার কারণ কী? কারণ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন উনার পায়ের নিচে মাটি নেই। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন আওয়ামী লীগ সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু ভোট চাচ্ছেন না, জনগণকে শপথও করাচ্ছেন। জনসভা থেকে জনগণকে শপথ করানো সংবিধান, আইন এবং নৈতিকতার পরিপন্থী। জনগণের ওপর আস্থা হারিয়ে তাদের শপথ পড়িয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।’
বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে চাই। প্রধানমন্ত্রী খুলনায় জনসভা করেছেন। আমরাও ১০ মার্চ খুলনায় জনসভা করার প্রস্তুত নিচ্ছি। সার্কিট হাউজ ময়দান চেয়েছি। সেখানে প্রধানমন্ত্রী জনসভা করলেও আমাদের অনুমতি দিচ্ছে না। হাদিস পার্ক চেয়েছি। সেখানেও গড়িমসি করছে। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছি। সেখানেও অনুমতি দিচ্ছে না। আমাদের যদি অনুমতি দেওয়া হয়, তাহলে খালেদা জিয়া জেলে থাকলেও আমরা বিএনপির সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর চেয়ে কয়েকগুণ বড় জনসভা করতে পারবো।’
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সামশুল আলম, হাজী মো. আলী, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, সৈয়দ আহমদ, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, এম এ হান্নান, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আর. ইউ. চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন, আাবদুল মান্নান, মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন দিপ্তী প্রমুখ।








