পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের নামে থাকা বিভিন্ন সড়ক ও স্থাপনার নাম ফলক মুছে ফেলার দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। শনিবার (১০ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. মাইনুদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, ‘গত বছর ২২মে মহামান্য হাইকোর্ট দেশের বিভিন্ন স্থাপনায় থাকা যুদ্ধাপরাধীদের নাম ফলক মুছে ফেলার নির্দেশ দেন। সেই অনুযায়ী সারা দেশে কাজ হলেও পার্বত্য চট্রগ্রামে যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের নাম মুছে ফেলা হয়নি। বিষয়টি আদালত অবমাননার সামিল। অবিলম্বে বিভিন্ন স্থাপনা থেকে যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার দাবি জানাচ্ছি।’
এসময় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।








