চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র্যাব। শনিবার (১১ মার্চ) গভীর রাতে দক্ষিণ সলিমপুর এলাকা থেকে ওই দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশ্যূটারগান, সাত রাউন্ড গুলি ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
আটক দুই সন্ত্রাসী হলেন- ভুজপুর থানাধীন আজিম পুর গ্রামের এরশাদ (৩২) ও ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামের একরাম উদ্দিন (১৯)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, দক্ষিণ সলিমপুর এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সন্ত্রাস কার্যক্রম চালানোর জন্য অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে এরশাদ ও একরামকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই সন্ত্রাসীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।








