বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ১৫ মার্চ চট্টগ্রামে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘জনসভা সফল করতে চট্টগ্রামের জনগণ প্রস্তুত। ওই দিন চট্টগ্রামে সর্ববৃহৎ জনসভা হবে।’
মঙ্গলবার (১৩ মার্চ) সকালে নিজ বাস ভবনে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি— বিগত দুই মাসে লালদীঘিতে অনেক দল সমাবেশ করেছে। এমনকি সরকারি দল আওয়ামী লীগও কয়েকটি সমাবেশ করেছে। তারা যদি সমাবেশ করতে পারে এবং সমাবেশের অনুমতি পায়, আমরা কেন করতে পারবো না। দেশে যদি সংবিধান থাকে, নাগরিক অধিকার থাকে, তাহলে অবশ্যই লালদীঘিতে সমাবেশের অনুমতি দিতে হবে। কারণ নাগরিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রের পথ বেছে নিয়েছি, তাই আমাদের ভয় নেই। আর এই পথই হচ্ছে মুক্তির পথ। আর কেউ যদি গণতন্ত্রের বিরুদ্ধে চলে, ফ্যাসিস্টের পথে হাঁটে, আইনের শাসনের বিপরীতে চলে, তাহলে জনগণের কাছে জবাব দিতে হবে।’
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবীর, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, উদয় কুসুম বড়ুয়া, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।








