তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে ‘বৈসাবি’র মূল আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। চারদিকে আনন্দের সুর লহরী আর বৈসাবি আয়োজন।
চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যরা বিষু, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে পালন করে এই উৎসব। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজায়। পবিত্র এই ফুল ভাসিয়ে দেয় পানিতে, তাই একে বলা হয় ফুল বিজু।
এদিকে ফুল বিজু উপলক্ষে রাঙামাটি শহরের রাজবাড়ীঘাটে চাকমা জনগোষ্ঠীর পক্ষ থেকে পানিতে ফুল ভাসানো হয় আর গর্জনতলী এলাকায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পানিতে ফুল ভাসানো ও ত্রিপুরা জনগোষ্ঠী ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
ঐতিহ্যবাহী পোশাকে তাদের গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসানোর মধ্য দিয়ে এদিন শুরু হয় বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ফুল বিজুর দিন সকালে রাঙামাটি শহরের রাজবনবিহারের পূর্ব ঘাটে ফুল বিজু উৎসবে কর্ণফুলী নদীতে ফুল ভাসায় চাকমা তরুণীরা।
আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা জানান, ‘পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাই যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালায় পাহাড়ের মানুষ। আমরা বিশ্বাস করি পানিতে ফুল ভাসানোর মাধ্যমে গঙ্গা মাকে শ্রদ্ধা জানানো হয়। আমাদের সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস। তাই পানিতে ফুল ভাসিয়ে পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়। সবাইকে বিজুর শুভেচ্ছা।’
বৈসুকের ‘বৈ’, সাংগ্রাইয়ের ‘সা’ এবং বিজু, বিষু ও বিহুর ‘বি’ নিয়ে উৎসবটিকে সংক্ষেপে ‘বৈসাবি’ নামে পালন করা হয়। পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনের পর থেকে পাহাড়ের সকল জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে উৎসবে একীভূত করার জন্য এই সংক্ষেপে নামটির প্রচলন করা হয়।








