১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার নারী ক্রিকেটার নাজনীন খান মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । সোমবার (২৩ এপ্রিল) মুখ্য মহানগর হাকিম আল ইমরান এই রিমান্ডের আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রবিবার গ্রেফতারের পর আজ (২৩ এপ্রিল) আসামিকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এর আগে রবিবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ মুক্তাকে গ্রেফতার করে। মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশালের মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে। মুক্তা পুলিশকে জানিয়েছে, সে আনসার-ভিডিপি ক্রিকেট দলের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের নিয়মিত খেলোয়াড়। তিনি রাজধানীর সেগুনবাগিচায় থাকেন।








